এম এ কাদের, বিশেষ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভি সাওতাল (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (২৯ আগস্ট) তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত অভি সাওতাল চুনারুঘাট উপজেলার লালচান্দ চা-বাগানের চিনাইবিল এলাকার অনিল সাঁওতালের ছেলে। তিনি নোয়াপাড়া চা-বাগানে মামার বাড়িতে থেকে স্থানীয় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। একই কোম্পানিতে কাজ করতেন ২৩ বছর বয়সী ওই নারীও।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে ভুক্তভোগী নারী ও অভির মধ্যে পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে অভি সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার বিকেলে অভি তাকে নোয়াপাড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনে ডেকে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অভিকে আটক করেন। পরে তাকে নোয়াপাড়া চা-বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে শনিবার তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
