অষ্টগ্রামে জমিয়তে মুহিউস সুন্নাহ’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ

নিজস্ব প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন জমিয়তে মুহিউস সুন্নাহ।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটির উদ্যোগে দুইটি গরু কোরবানি করে গ্রামের অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।

‎‎ঈদের দিন সকাল থেকেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রকৃত অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের হাতে কোরবানির মাংস পৌঁছে দেন। এ মানবিক উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা লক্ষ্য করা গেছে।‎‎

জানা যায়, সামাজিক ও মানবকল্যাণমূলক এ সংগঠনটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা শাহ ফজলুল করিম। তিনি পূর্ব অষ্টগ্রামের আব্দুল আউয়াল দরবার শরীফের গদিনশীন পীর এবং অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসা-এর সাবেক উপাধ্যক্ষ ছিলেন।‎‎

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবায় কাজ করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎‎স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জমিয়তে মুহিউস সুন্নাহ দীর্ঘদিন ধরে যে মানবিক কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে গ্রামের দরিদ্র পরিবারগুলোর জন্য এ উদ্যোগ ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *