মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা-এ ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই আনিসুর রহমান (২৭)।
বুধবার (২৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়া এলাকার নিকটবর্তী ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সাইদুর রহমান ও তার ভাই আনিসুর রহমান বাড়ির পাশের ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় মুখোশ পরা অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুই ভাইকে মারধর করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা সাইদুর রহমানকে হাত-পা বাঁধা অবস্থায় পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করলে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত আনিসুর রহমান বর্তমানে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিঠামইন থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের প্রাথমিক ভাষ্যমতে নিহতের ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ পাঠানোর প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।
