গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, অষ্টগ্রামে গাঁজাসহ আটক ২

এটিভি অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের গোনকিপার গ্রামের মোঃ উজ্জল মিয়া (২৩) এবং একই ইউনিয়নের ইকরতলী গ্রামের মোছা. রাজিয়া খাতুন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পূর্ব অষ্টগ্রাম থেকে ইকুরদিয়া ঘাটগামী সড়কের মাঝামাঝি জলাম বিএডিসি পাম্পের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কারবারি গাঁজা কেনাবেচা করছেন।

এ তথ্যের ভিত্তিতে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল বিকেল ৪টা ৩০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় এক নারী ও এক পুরুষ দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-১, তারিখ ১ নভেম্বর ২০২৬।পুলিশ জানায়, মামলার পর আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *