অনলাইন ডেস্ক

খুলনার রূপসা উপজেলায় নদীর ঘাট থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহের চর এলাকার আলম মেম্বারের নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি মরদেহ ভেসে ওঠে। পরে তারা পুলিশকে খবর দিলে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম।

স্থানীয়দের দাবি, মরদেহ দুটি নদীর চরে আটকে ছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। উভয়ের মাথাতেই রক্তাক্ত ক্ষত দেখা গেছে। তবে এসব ক্ষত কীভাবে এবং কখন সৃষ্টি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি দাবি করেন, নিহতদের মধ্যে একজনকে তিনি ওই ঘাটের ট্রলার চালক হিসেবে চেনেন। তবে অপর ব্যক্তির পরিচয় তিনি জানেন না।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে ওই এলাকায় এসেছে। নিহত একজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অপরজনের ৪০ থেকে ৪২ বছর হতে পারে। তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
