নতুন কুঁড়ি স্পোর্টসের জমজমাট সমাপনী, কাবাডিতে চ্যাম্পিয়ন ময়মনসিংহ‎

এটিভি অনলাইন ডেস্ক

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং যুবসমাজকে ক্রীড়ামুখী ও শারীরিকভাবে সুস্থ রাখতে ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট ও দাবা ইভেন্টের আয়োজন করা হয়।‎ ‎

রোববার (১০ মে) বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহণে কাবাডির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ বালক ফাইনালে জামালপুর জেলা একাদশকে ৫১-১২ পয়েন্টে পরাজিত করে ময়মনসিংহ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরম্যাচে বালিকা বিভাগে ময়মনসিংহ জেলা একাদশকে ৪৮-১৮ পয়েন্টে হারিয়ে জামালপুর জেলা একাদশ শিরোপা জিতে নেয়।

নির্ধারিত ৩০ মিনিটের এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।‎ ‎এছাড়া বিভিন্ন ইভেন্টে বালক-বালিকা ক্রিকেটে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা দল, মার্শাল আর্টে জামালপুর ও ময়মনসিংহ জেলা দল এবং দাবা খেলায় ময়মনসিংহ ও জামালপুর জেলা দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।

প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ এখন আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত। সরকার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশে কাজ করছে এবং “নতুন কুঁড়ি স্পোর্টস” তারই একটি বাস্তব উদাহরণ।‎ ‎ তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। শিশু-কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।‎ ‎ নিয়মিত চর্চা ও সঠিক দিকনির্দেশনা পেলে এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ.কে.এম মাহবুবুল আলম, দাবা কমিটির আহবায়ক এড. এম.এ হান্নান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোরশেদুল ইসলাম, সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ রাজীব-উল-আহসান, এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন।‎ ‎

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উভয় দলের কোচ, খেলোয়াড়, ম্যানেজার, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। আয়োজকরা জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬”-এর মাধ্যমে জেলার শিশু-কিশোর খেলোয়াড়রা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *