ATV Online-এর সংবাদে নড়েচড়ে বসল প্রশাসন, কাস্তুল সড়কের পানি নিষ্কাশনে উদ্যোগ ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ-র

মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল বাজার থেকে মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘ দেড় মাস ধরে জমে থাকা পানি নিয়ে ATV Online-এ সংবাদ প্রকাশের পরই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।‎‎

জানা গেছে, সংবাদটি প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ২ নম্বর কাস্তুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহর সঙ্গে তাৎক্ষণিকভাবে ফোনে যোগাযোগ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

‎‎ইউএনও’র নির্দেশনা পাওয়ার পর প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহ দ্রুত স্থানীয় লোকজনকে নিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

‎‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে Atv Online এ সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের তৎপরতা এবং প্যানেল চেয়ারম্যানের দ্রুত উদ্যোগে সমস্যার সমাধান শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।‎‎

স্থানীয় বাসিন্দা সিফাতুল হাই বলেন,‎ ATV Online-এ সংবাদ প্রকাশের পর ইউএনও ম্যাডামের দ্রুত হস্তক্ষেপ এবং প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহর তাৎক্ষণিক পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। জনগণের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগ আমরা সবসময় প্রত্যাশা করি।‎‎

আরেক বাসিন্দা সালাম মিয়া বলেন,‎এনায়েত উল্লাহ চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। এতে বোঝা যায় তিনি জনগণের সমস্যা সমাধানে আন্তরিক।‎‎ এলাকাবাসী কাস্তুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহর এমন জনবান্ধব পদক্ষেপের প্রশংসা করেছেন।‎‎

তবে স্থানীয়দের দাবি, সাময়িক পানি নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে যেন একই সমস্যা আর না হয়, সেজন্য স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *