নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ সোমবার বিকেলে উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর পাউবো ফসলরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে নিহত মো. শরীফ মিয়া (৩২) ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেল ৩টার দিকে আকাশে মেঘ করে হালকা বৃষ্টি শুরু হলে শরিফ বাড়ির দিকে রওনা করেন।পথে বজ্রপাতে শুরু হলে হাওরের রাস্তায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান শরিফ। বিকেল সাড়ে তিনটা দিকে বৃষ্টি থামলে এলাকার কৃষকরা যাতায়তের সময় শরিফকে হাওরে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা মিঠামইন থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই কৃষকের মরদেহ উদ্ধার করে।এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
