অষ্টগ্রামে শিক্ষকদের কর্মবিরতি পালিত: ১৩টি প্রতিষ্ঠানে বন্ধ থাকলো পাঠদান‎

নিজস্ব প্রতিনিধি।

ঢাকার প্রেসক্লাবে শিক্ষক নেতাদের উপর হামলার প্রতিবাদে এবং ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে সারাদেশের মতো কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলাতেও কর্মবিরতি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

‎রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। এতে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে এবং শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

উপজেলার যেসব প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে সেগুলো হলো—
‎১. হক সাহেব উচ্চ বিদ্যালয়
‎২. বাঙ্গালপাড়া স্কুল এন্ড কলেজ
‎৩. কাস্তুল এসইএসডিপি মডেল হাইস্কুল
‎৪. আব্দুল্লাপুর দারুল কোরআন দাখিল মাদরাসা
‎৫. বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা
‎৬. কাদিরপুর এস.এম. নাথ উচ্চ বিদ্যালয়
‎৭. ইদ্রিস আলী স্কুল এন্ড কলেজ
‎৮. আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়
‎৯. কলিমপুর দারুল ইহসান দাখিল মাদরাসা
‎১০. মোহনতলা উচ্চ বিদ্যালয়
‎১১. আলোর দিশারী ডিজিটাল স্কুল
‎১২. রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ
‎১৩. অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়।

শিক্ষক নেতারা জানান, ন্যায্য প্রাপ্য ভাতা ও সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা। এবার আর নীরব থাকার সময় নয়। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

‎তারা বলেন, ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা শুধু একটি দাবি নয়—এটি টিকে থাকার প্রশ্ন। একজন শিক্ষক যখন প্রেসক্লাব এলাকায় হামলার শিকার হন, তখন সেটি গোটা শিক্ষক সমাজের উপর আঘাত।

‎এসময় তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

‎অন্যদিকে কর্মবিরতির কারণে ১৩টি প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দেয়। শিক্ষকরা জানিয়েছেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।

‎উল্লেখ্য, এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অষ্টগ্রামে পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *