নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান শিকদার। শনিবার (৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির আন্দোলনে নিহত সকল শহীদ ও বীরযোদ্ধাদের স্মরণ করেন।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে হাওড় অঞ্চলের মানুষ নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে। সাবেক রাষ্ট্রপতি পরিবারের দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক পক্ষপাতিত্বের কারণে সাধারণ মানুষ দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে হাওড় অঞ্চলে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সাহসী, ত্যাগী ও যোগ্য নেতৃত্বের অভাবেই এই স্থবিরতা দূর হচ্ছে না। পরিবর্তনের সময় এখনই— এমন মন্তব্য করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরে তিনি জানান, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে জেলা বিএনপির প্রথম কমিটির কার্যকরী সদস্য, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা উন্নয়নে অবদান হিসেবে তিনি ১৯৮৪ সালে মিঠামইনের ঢাকী ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং বিনা বেতনে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রয়াস চালাব।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর (ঢাকা জজ কোর্ট), রবিউল আলম শ্যামল, অ্যাডভোকেট আরিফ খান, পারভেজ আহমেদ বুলবুল, দিদারুল আলম দিদার, বোরহান উদ্দিন ঠাকুর, ইমন মিয়া, সোহরাব ভুইয়াঁ, মহিউদ্দিন, হারুনুর রশীদ, হাবীবুর রহমান ভুইয়াঁ, তরিক মোমেন, হাদিউল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক এবং সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবীবুর রহমান ভুইয়াঁ, সাবেক সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
