নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাচারি ব্রিজ সংলগ্ন ডিসি রোডের একটি অংশ ধসে পড়েছে। নিচের মাটি সরে যাওয়ায় উপরের পিচ দেবে গিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে উপজেলা সদর, বাজার, হাসপাতাল ও থানাসহ গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে রাস্তার নিচের অংশ দুর্বল হয়ে পড়ে। এতে ব্রিজের সংযোগ স্থলে বড় গর্ত সৃষ্টি হয় এবং চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে এলাকাবাসী এখন চরম ভোগান্তিতে রয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী আজিজুল হক ও রাসেল রহমান জানান , “এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদর ও হাসপাতালে যাতায়াত করেন। এখন রাস্তা দেবে যাওয়ায় কেউ যেতে পারছেন না। জরুরি রোগী পরিবহনও বন্ধ হয়ে গেছে।”
উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত) ফয়জুর রাজ্জাক জানান, “এ বিষয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল থেকেই মাটি ভরাটের কাজ শুরু করা হবে। সম্পূর্ণ মেরামত শেষ করতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।”
স্থানীয়রা দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়ে বলেন, এ পথটি অষ্টগ্রামের অন্যতম প্রধান যোগাযোগ সড়ক হওয়ায় দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
