নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম কালীপদ চন্দ্র সূত্রধর (৪০)। তিনি জেলার তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।
আটকৃতরা হলেন— আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে রায়টুটী ব্রিজে ঘুরতে যাওয়ার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে গোয়ারা ব্রিজ এলাকায় গিয়ে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে ছুরিকাঘাতে গুরুতর আহত হন চালক কালীপদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বলেন, ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
