অষ্টগ্রাম প্রতিনিধি:

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাকিব (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধু। নিহত রাকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাবুখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদের ছেলে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের কাস্তুল ইউনিয়নের বাইশ মিটার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টগ্রাম থেকে মিঠামইনের পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই মারা যান রাকিব এবং আহত হন তার দুই সঙ্গী।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
