নিজস্ব প্রতিবেদক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে জামায়াতে ইসলাম ও এনসিপির পক্ষ থেকে ছড়ানো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিনের নেতৃত্বে মিছিলটি অষ্টগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বড় বাজার প্রদক্ষিণ করে জামতলী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন শফি, সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন, যুবদল সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলী রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি এস. এম. জাভেদ, ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল ও সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ফজলুর রহমান একজন পরীক্ষিত ও আদর্শবান রাজনৈতিক নেতা, যিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। তাঁর মতো একজন দেশপ্রেমিক নেতার বিরুদ্ধে জামায়াতে ইসলাম ও এনসিপির গুটিকয়েক দালালের ছড়ানো অপপ্রচারের নিন্দা জানানোর ভাষা নেই। এসব অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং দলের মধ্যে বিভাজন সৃষ্টির একটি ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ।”
তারা আরও বলেন, “এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারা মূলত বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
বিক্ষোভ শেষে নেতারা ফজলুর রহমানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “বিএনপির একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে অষ্টগ্রামের প্রতিটি নেতাকর্মী তাঁর নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং একতাবদ্ধ।”
