নিজস্ব প্রতিবেদক:

হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন। প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম ক্লাবের সভাপতি বাবু দেবপদ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন মিয়া এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল হক।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তারা মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ উন্নয়নমূলক কাজে যুক্ত হওয়ার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।

আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবকদের মাঝে ঋণ বিতরণ, কৃষি ও ফলজ গাছের চারা বিতরণ এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে উৎসাহিত করা হবে বলে আয়োজকরা জানান।
দিনব্যাপী এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
