এটিভি অনলাইন নিউজ ডেস্ক:

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা ব্যবসায়ীরা কোনো ধরনের ধারালো এবং অবৈধ অস্ত্র যাতে কারও কাছে বিক্রি না করেন, এ জন্য যৌথ বাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাতে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ।

সারাদেশের ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা এই ধরনের অস্ত্র সরবরাহ এবং বিক্রি করবেন না। এগুলো হয়তো অনেকে সুভিনিয়র হিসেবে সংগ্রহ করে, কিন্তু দেশের বাস্তবতা এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে। এতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। আপনাদের আশেপাশে কেউ ধারালো ও অবৈধ অস্ত্রের ব্যবসা করলে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দেবেন।
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম নিয়ে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম যেকোনোভাবে বন্ধ করতে হবে। কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করতে হবে এবং আমরা তা ইনশাআল্লাহ বন্ধ করবই। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করা সম্ভব হবে।’

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
