হাতকড়াসহ নৌকা থেকে হাওরে ঝাঁপ দিয়ে পালালেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতা হাতকড়াসহ হাওরে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছেন। সোমবার দুপুর ৩টার দিকে বাগহাতা হাওরে এ ঘটনা ঘটে।

‎পালিয়ে যাওয়া ব্যক্তি আবদুল মজিদ, যিনি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলার বাগাহাতা গ্রামের বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে ৯ জন নিহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন আবদুল মজিদ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাঁকে হাতকড়া পরিয়ে একটি নৌকায় করে থানার উদ্দেশে নিয়ে যাচ্ছিল। পথে বাগাহাতা হাওরের কাছাকাছি পৌঁছালে তাঁর আত্মীয়-অনুসারীরা নৌকার গতিরোধের চেষ্টা করে। সেই ফাঁকে আবদুল মজিদ হাতকড়াসহ পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং সেখান থেকে পালিয়ে যান।

‎ঘটনার খবর পেয়ে বানিয়াচং থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালেও সন্ধান পাননি।

‎এ বিষয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, আবদুল মজিদ ৯ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি। গ্রেপ্তারের পর থানায় আনার পথে আত্মীয়দের বাধার সুযোগ নিয়ে তিনি পালিয়ে যান। তাঁকে খুঁজে পেতে একাধিক দল মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *