হবিগঞ্জে মাদকসহ ৪০ কেজি গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ৪০ কেজি গাঁজা, ১২ ক্যান বিয়ার ও বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ হয়েছে। জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ওইসব জব্দ করা হয়। যার মূল্য ২৯ লাখ ২৪ হাজার টাকা।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

হবিগঞ্জ ৫৫ বিজিবির তথ্য অনুযায়ী, বিজিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া ১০ নম্বর চা বাগান নামক স্থানে চোরাচালানি অভিযান পরিচালনা করে। এ অভিযানে বিজিবি সদস্যরা তথ্য অনুযায়ী সম্ভাব্য সন্দেহজনক স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৭ লাখ ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও চুনারুঘাট উপজেলাধীন গুইবিল বিওপির নিয়মিত টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার মূল্য ৯১ হাজার টাকা।

পাশাপাশি মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া ও মনতলা বিওপি হতে পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ হাজার টাকা মূল্যের ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ১২ ক্যান বিয়ার জব্দ করেছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত অভিযানে জব্দ করা মালামাল ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার। সাম্প্রতিক অভিযানে জব্দ করা পণ্যগুলো ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানের স্বার্থকতার প্রতিফলন।

তিনি আরও বলেন, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫৫ বিজিবি নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসের এ পর্যন্ত ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ২ কোটি ৩৫ লাখ ১২ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *