যৌথবাহিনীর অভিযানে এনসিপি নেতার বাবাসহ আটক ৬

এটিভি অনলাইন ডেক্স:

মাদারীপুরের সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে বিপুল পরিমাণে দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি, একটি কাটা রাইফেল, একটি এয়ারগান ও এর ১২০ রাউন্ড গুলি, একটি বেসবল ব্যাট, দুটি স্টিলের ছুরি, দুটি চাইনিজ কুড়াল, সাতটি রামদা, একটি বল্লম, ১৮টি টেঁটা, একটি বিদেশি টর্চ লাইট, পাঁচটি মোবাইল ফোন, একটি ট্যাব, এনআইডি কার্ড, একটি পাসপোর্ট এবং এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

এই সময় আটক করা হয় মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বরসহ ছয়জনকে। তিনি মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা। অন্য আটক ব্যক্তিরা হলেন কামাল মাতুব্বর (৫৩), মনু মাতুব্বর (৫০), লাকি বেগম (৪৫), পারুল বেগম (৪৫) ও খাদিজা বেগম (২৩)। তারা সবাই ঘুনসি গ্রামের বাসিন্দা।

দুপুরে মাদারীপুর সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় সেনাবাহিনী অভিযানে নামে এবং একই বংশের সাতটি বাড়িতে তল্লাশি চালায়। অস্ত্র রাখার অভিযোগে আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *