‎কিশোরগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন।

সীমানা বিরোধ থেকে রক্তাক্ত পরিণতি, ৯ বছর পর রায়।

কিশোরগঞ্জ প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ (বুধবার) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন।

রায়ের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি ছয়জন পলাতক।

দণ্ডিত আসামিরা এবং নিহত ব্যবসায়ী সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।

‎উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ মার্চ, সীমানা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে করিমগঞ্জের নিয়ামতপুর বাসস্ট্যান্ড এলাকায় হাজী সুন্দর আলীর ছেলে সৈয়দ আলীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। এতে গুরুতর আহত হন তিনি।

আহত অবস্থায় প্রথমে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠানো হয়, যেখানে ২৯ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পরদিন নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে করিমগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. শহর আলী ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

‎প্রায় নয় বছর পর বিচারিক প্রক্রিয়া শেষ করে আজ চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। এই রায়ে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে জানান সংশ্লিষ্টরা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *