কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল

কিশোরগঞ্জ সংবাদদাতা:

সারা দে‌শে জুলাই গণহত্যার বিচার এবং ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে ‘জুলাই দ্রোহ’ শীর্ষক এক‌টি মিছিল বের করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দি‌কে কি‌শোরগঞ্জ শহরের পুরাণাথানাস্থ ঐতিহা‌সিক শ‌হিদী মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কি‌শোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি হাসান আল মামুন বলেন, জুলাই সনদ ও গণহত্যার বিচার শুধু অতীতের দায়বদ্ধতা নয়—এটি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অবিলম্বে এর বিচার বাস্তবায়ন করতে হবে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সময়ের দাবি। কারণ, ছাত্র সমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য। আজকের বাংলাদেশে নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি মাথাচাড়া দিচ্ছে—এই চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

দেশপ্রেম নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিকড় দিল্লি নয়, পিন্ডি নয়, লন্ডনও নয়—আমাদের শিকড় ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন বাংলাদেশেই।

তিনি আরও বলেন, বর্তমানে একটি উদ্বেগজনক প্রবণতা হচ্ছে অপরাধ করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর রাজনীতি। এই অপসংস্কৃতি এখনই বন্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ, দায়বদ্ধ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *