যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

অনলাইন ডেস্ক

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বের পর বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটটি। রাত আনুমানিক ২ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণের কথা রয়েছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জাপানে চার দিনের সরকারি সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি উড্ডয়ন করতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। এ অবস্থায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেয়া হয়।

ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর কাজ করে। মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *