অনলাইন ডেস্ক

কুমিল্লার লালমাইয়ে পুকুরের পানিতে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশু চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর এমন অকালমৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত শিশুরা হলো— বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তাঁর ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে একসঙ্গেই খেলাধুলা করছিল। খেলার কোনো একপর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে পরিবারের নারীরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে পরিবারের অন্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করেন। তাত্ক্ষণিকভাবে শিশুদের বাগমারা বাজারের একটি চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।হঠাৎ করে একই পরিবারের ফুটফুটে দুই শিশুকে হারিয়ে স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এই মর্মান্তিক ঘটনায় বাক্রুদ্ধ। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
