সরকারি কর্মঘণ্টায় ভূমি অফিসে তালা, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি কর্মঘণ্টায় গেবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি অফিস বন্ধ রেখে দরজা ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। জমির পর্চা ও নামজারিসহ বিভিন্ন সেবা নিতে এসে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে অফিসের সামনে অপেক্ষা করতে দেখা যায় ১০-১২ জন সেবাপ্রার্থীকে।

সরেজমিনে দেখা যায়, অফিসের মূল দরজা ও প্রধান ফটক—দুটিই তালাবদ্ধ। প্রয়োজনীয় সেবা নিতে আসা লোকজন দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সংশ্লিষ্ট কাউকে পাচ্ছিলেন না।

লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মাসুদ মিয়া বলেন, জমির মাঠ পর্চা নিতে এসে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। কিন্তু অফিসে কাউকে না পেয়ে সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

একই ধরনের ভোগান্তির কথা জানান রেখা, আছমা ও ৬৫ বছর বয়সী আসাদ মিয়াসহ অন্য সেবাপ্রার্থীরা।

অফিস বন্ধ রাখার বিষয়ে অফিস সহায়ক মো. রুকন উদ্দিন বলেন, সহকারী কমিশনার (ভূমি) তাঁকে উপজেলা ভূমি অফিসে ডেকে নেওয়ায় তিনি অফিসে তালা দিয়ে সেখানে গেছেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনির উদ্দিন আহমাদও একই বক্তব্য দেন।

তবে সরকারি কর্মঘণ্টায় ইউনিয়ন ভূমি অফিস তালাবদ্ধ রাখার কোনো বিধান নেই বলে জানিয়েছেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ইজাজুল হক।

তিনি বলেন, ওই সময় রুকন উদ্দিনকে উপজেলা ভূমি অফিসে দেখা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে বর্তমানে নিয়মিত নায়েব নেই। অতিরিক্ত দায়িত্বে একজন কর্মকর্তা রয়েছেন। তিনি দায়িত্ব পালন করলে অফিস খোলা থাকে। তবে অফিসে অফিস সহায়কও থাকার কথা। তিনি বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বলে জানান।

সরকারি ভূমি অফিসে সেবা নিতে এসে এভাবে তালাবদ্ধ দরজার সামনে অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রার্থীরা। তাঁদের প্রশ্ন, একজন কর্মচারীকে অন্য দপ্তরে ডাকা হলে সরকারি সেবাকেন্দ্র বন্ধ থাকবে কেন? আর এতে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, তার দায়ভার নেবে কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *