মিঠামইন উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য সিনিয়র এডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির কেন্দ্রে জামাত কীভাবে এত ভোট পেল? কারণ তাদের নির্দেশে আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিয়েছে। আওয়ামী লীগ করে যারা জামাতকে ভোট দিয়েছে তাদের বাবার নাম গোলাম আযম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে মিঠামইন উপজেলা সদরের বালুর মাঠে উপজেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
ফজলুর রহমান এমপি বলেন, আগামী ডিসেম্বরে ইউপি নির্বাচন। আপনারা যারা নির্বাচনে অংশ নিবেন তারা তৈরি থাকুন। এমন কাজ করবেন না যেন সামনে সালাম দিলে পিছনে একটা গালিও দেয়। আপনারা জনগণের জন্য কল্যাণমূলক কাজ না করতে পারলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, কোন ইউনিয়নে কি পরিমাণ প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা হবে। সকলে যেন জানতে পারে কি পরিমাণ উন্নয়ন হয়েছে। কোন প্রতারণার আশ্রয় নিবেন না।
সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিচার প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো। গত নাগরিক শোকসভায়ও আমি একই কথা বলেছিলাম। জাহাঙ্গীর হত্যার পিছনে মদতদাতা, অর্থদাতা, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। মিঠামইনে জাহাঙ্গীরের শুন্যতা পূরণ হবে না মন্তব্য করে ফজলুর রহমান এমপি বলেন, আপনারা ধৈর্যহারা হবেন না। তদন্ত কাজ এগিয়ে চলেছে। আসামি গ্রেপ্তার না হয়ে শুধু চার্জশিট দাখিল করলে চলবে না। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি কোন অনিয়মের সাথে জড়িত থাকেন তবে ছাড় দেয়া হবে না। নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এডভোকেট ফরিদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, মিঠামইন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আফতাব উদ্দিন, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহেরীল আলম তপন, সাবেক পিপি এডভোকেট শাহ কামাল, বিএনপি নেতা আলমগীর শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি মো. বাহার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামাল পাশা, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. এরশাদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাশেম শিকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তুষার আহমেদ শান্ত, ঘাগড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. নাজমুল হাসান ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন রুবেল।
