তাড়াইলে জামগাছের ডালে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন

আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা (বগারবাইদ) গ্রামে বাড়ির পাশের একটি জামগাছের ডালে আবদুর রউফ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্বজনরা তাকে গলায় গামছা পেঁচানো অবস্থায় গাছের ডালে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

নিহত আবদুর রউফ কাজলা (বগারবাইদ) গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ের জনক।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ির পাশের জামগাছের ডালে আবদুর রউফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে সকাল ৭টার দিকে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, আবদুর রউফ দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পুলিশকে অবহিত না করেই নিহতের স্বজনরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই রিপন সরকার বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য পর্যালোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *