তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের তাড়াইলে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। একই অভিযানে লাইসেন্স না থাকায় একটি পোল্ট্রি ফিড ও মেডিসিনের দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াইল সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে মাছুম মিয়া নামের এক ব্যবসায়ীর দোকান থেকে ২৮৫ পিস নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ পিস চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী।এদিকে উপজেলা ভূমি অফিস সংলগ্ন মেসার্স লাবিব পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য-সংক্রান্ত আইনে প্রতিষ্ঠানটিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা পরিষদের খোলা জায়গায় জব্দ করা কারেন্ট ও চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মারুফ আকন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে তাড়াইল থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, “দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার অব্যাহত থাকলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মৎস্যসম্পদ রক্ষায় বাজার ও জলাশয়গুলোতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *