মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ আটক ১০

এম এ কাদের, বিশেষ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজারসহ ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর বাজারের বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অবস্থিত তাজ মহল আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে তাজ মহল আবাসিক হোটেলের ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) রয়েছেন।বুধবার রাত ১০টার পর বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই প্রদীপ সরকার।

এসআই প্রদীপ সরকার জানান, মাধবপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে বুধবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজ মহল আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

হোটেলটিতে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এতে জনউপদ্রব সৃষ্টি ও সামাজিক শান্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ ছিল।পরে পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান চালিয়ে চার নারী ও ছয় পুরুষকে আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মাধবপুর থানার সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুরঞ্জিত পাল সোহেল; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মো. রুবেল (২৫), বিজয়নগর থানার মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), মো. তোফাজ্জল (২৫) এবং নীলফামারীর জলঢাকা থানার আঃ রশিদ (৩১)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *