অষ্টগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এটিভি অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় জামতলী মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন উপজেলা হলরুমের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে উপজেলা বিএনপির উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ সভাপতিত্ব করেন।আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুলসহ দলের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব আলী রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া, অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মুস্তাকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। তারা দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *