হেলিকপ্টারে গ্রামে ফিরলেন জাপানপ্রবাসী উজ্জল, একনজর দেখতে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

বাবার অসুস্থতার খবর পেয়ে জাপান থেকে দ্রুত দেশে ফিরেছেন জাপানপ্রবাসী মোহাম্মদ উজ্জল মিয়া (৩০)। সময় বাঁচাতে হেলিকপ্টারে করে শনিবার (৮ আগস্ট) সকালে নিজ গ্রামের কাছাকাছি সমিতি মাঠে অবতরণ করেন তিনি। তাকে একনজর দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় মানুষ।‎‎

শনিবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিলগঞ্জ চাঁনপুর গ্রামের সমিতি মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার থেকে নেমে উজ্জল সরাসরি নিজ বাড়িতে গিয়ে অসুস্থ বাবা আবুল হাসেমকে দেখতে যান। ‎‎উজ্জল মিয়া দক্ষিণ চাঁনপুর গ্রামের বাসিন্দা আবুল হাসেমের ছেলে। প্রায় তিন বছর ধরে জাপানে প্রবাসজীবন কাটাচ্ছেন তিনি। বাবার অসুস্থতার খবর মুঠোফোনে পাওয়ার পর ছুটি নিয়ে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সময় বাঁচাতেই হেলিকপ্টারে করে গ্রামের বাড়ির কাছাকাছি মাঠে পৌঁছান তিনি।‎‎

উজ্জলের হেলিকপ্টারে করে গ্রামে ফেরার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। তাকে একনজর দেখতে সমিতি মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। হেলিকপ্টার অবতরণের পর উজ্জলকে ঘিরে সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।‎‎

উজ্জলের শিক্ষক আনিসুর রহমান বলেন, “উজ্জল আমার ছাত্র ছিল। সে অত্যন্ত মেধাবী ছাত্র। কৃষক পরিবারের সন্তান উজ্জল এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছে। পরে একটি জাপানি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ নেয়। এরপর ২০২২ সালে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে জাপানে পাড়ি জমায়। বর্তমানে সে সেখানে কর্মরত রয়েছে। বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটি নিয়ে বাবাকে দেখতে দেশে এসেছে।”

‎‎বাবার অসুস্থতার খবর পেয়ে দূর প্রবাস থেকে দ্রুত দেশে ফিরে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রবাসজীবনের ব্যস্ততা ও দূরত্ব পেরিয়ে বাবার অসুস্থতার সময়ে পাশে দাঁড়াতে উজ্জলের এভাবে ছুটে আসা সন্তানের দায়িত্ববোধ ও বাবার প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *