জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার আটটি হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
শনিবার কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ২ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন।সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত কিশোরগঞ্জে মোট ২২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২০০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ২৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম বলেন, কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
