মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া বাজারে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেলে স্থানীয় বাসিন্দা ও সৌদি প্রবাসী মাহফুজ আহমেদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পরিবারের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।এ সময় তিনি কিশোরদের খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সভায় উপস্থিত সচেতন নাগরিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার, কিশোরদের বিপথগামিতা এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় বাঙ্গালপাড়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
