কাস্তুল বাজার থেকে মাঠ পর্যন্ত সড়কজুড়ে পানি, নেই প্রশাসনিক হস্তক্ষেপ: দেড় মাস ধরে ভোগান্তিতে স্থানীয়রা

নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল বাজার থেকে মাঠ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কে দীর্ঘ দেড় মাস ধরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী প্রায় ২০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।‎‎স্থানীয় সূত্রে জানা যায়, কাস্তুল মুসলিম পাড়া এলাকার দুটি পুকুরের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে সড়কটি পানির নিচে তলিয়ে আছে।‎‎এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, মাদ্রাসা ও হাইস্কুলগামী শত শত শিক্ষার্থী যাতায়াত করে। জলাবদ্ধতার কারণে তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীদের জামা-কাপড় ভিজে যায় এবং সড়কের গর্তে পড়ে বই-খাতা নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন অভিভাবকরা।‎‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দেড় মাস ধরে এ অবস্থার সৃষ্টি হলেও এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।‎‎

এ বিষয়ে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিন্টু মিয়া জানান,‎“পুকুরের পানি বৃদ্ধি ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়ভাবে আলোচনা করেছি এবং দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা চলছে।

”‎‎সাবেক ইউপি সদস্য আসু মেম্বার জানান,‎“ এটি এলাকার পুরোনো সমস্যা। বর্ষা মৌসুমে পানি নামার সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ভোগান্তি হয়। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন।

সাবেক ইউপি সদস্য কফিল মেম্বার জানান,‎“এলাকাবাসীর দুর্ভোগ সত্যিই কষ্টদায়ক। আমি বিষয়টি একাধিকবার জানিয়েছি, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

”‎‎অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং জনদুর্ভোগ আরও বেড়ে যাবে।‎‎এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *