ইটনা (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের ইটনা হাওরাঞ্চলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি পালন করেছে ব্র্যাক।বুধবার (১৩ মে) সকালে ইটনা ব্র্যাক অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ২৬ জন ক্ষতিগ্রস্ত সদস্যের মাঝে মোট ৫৫০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।আয়োজকরা জানান, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাঁস পালন হাওরাঞ্চলের মানুষের জন্য একটি সম্ভাবনাময় আয়ের উৎস হওয়ায় এ সহায়তা তাদের জীবিকা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) মো. নজরুল ইসলাম, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. নাজমুল হক সিকদার, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মোজহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) রবিউল আলম এবং ইটনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ মেহেদীসহ অন্যান্য কর্মকর্তারা।এ সময় উপকারভোগীরা ব্র্যাকের এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের পরিবারে নতুন আশার সঞ্চার করবে বলে জানান।
