অষ্টগ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাড়ির পাশেই খেলতে গিয়ে পানি ভর্তি গর্তে পড়ে জিন মিয়া (১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার পূর্ব অষ্টগ্রামের ইরান সর্দারের বাড়ী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।‎নিহত জিন মিয়া ওই গ্রামের রাব্বি মিয়ার ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল জিন মিয়া। একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে সে বাড়ির পাশের পানি ভর্তি একটি গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের গর্তে তাকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।‎স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, “বাড়ির আশপাশে খোলা গর্ত ও পানি জমে থাকা স্থানগুলো শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ গর্তগুলো দ্রুত ভরাট বা নিরাপদ করা জরুরি।”‎অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি ইনচার্জ মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।‎এদিকে, এ মর্মান্তিক ঘটনা এলাকায় শিশু নিরাপত্তা বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, বসতবাড়ির আশপাশে থাকা ঝুঁকিপূর্ণ গর্ত দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *