নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শ্যামল চন্দ্র দাসের অপসারণ ও তার বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার সাপান্ত বাজার এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কলমা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শ্যামল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবা প্রদানের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি মূলত জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হলেও শ্যামল চন্দ্র দাসের কর্মকাণ্ডে তা এখন সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত তাকে দায়িত্ব থেকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত উদ্যোক্তা শ্যামল চন্দ্র দাসের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
