এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার ও উপহার বিনিময়

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র রমজান মাসে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার এবং উপহার বিনিময়ের মাধ্যমে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের।
‎শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় অবস্থিত শেফরান ডিলাইট রেস্টুরেন্টে প্রেস ক্লাবের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় আয়োজকরা। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। একইভাবে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন।
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময়ের মতো মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে রয়েছে সামাজিক দায়বদ্ধতা। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব সেই দায়বদ্ধতার জায়গা থেকেই নিয়মিত মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
‎ইফতার মাহফিলে অংশ নেওয়া এতিম শিশু ও সংবাদপত্র হকারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *