স্বতন্ত্র নারী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধা-হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনি প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।

‎কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি টিমের জনসংযোগ ও মিডিয়া সমন্বয়ক ব্যারিস্টার আকিব জাভেদ হক জানান, প্রচারণাকালে স্থানীয় বিএনপির এক নেতার চাচা পরিচয়দানকারী মানজুরের নেতৃত্বে একদল ব্যক্তি প্রচারণায় বাধা দেন। এ সময় প্রার্থীর সঙ্গে থাকা নারী কর্মীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ এবং পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎ঘটনার পর কাজী রেহা কবির সিগমা সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎কিশোরগঞ্জ-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *