নির্বাচন ও নিরাপত্তাজনিত কারণে অষ্টগ্রামে শতবর্ষী চৌদ্দমাদল মেলা স্থগিত

নিজস্ব প্রতিনিধি

নির্বাচন ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অনুষ্ঠিতব্য শতবর্ষী ঐতিহ্যবাহী চৌদ্দমাদল মেলার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। ফলে দীর্ঘদিনের এই ঐতিহাসিক মেলা চলতি বছর আর অনুষ্ঠিত হচ্ছে না।

‎আগামী ১৮ জানুয়ারি থেকে চার দিনব্যাপী মেলাটি শুরু হওয়ার কথা ছিল। প্রতি বছর বাঙালপাড়া ইউনিয়নের খেলার মাঠে এ মেলার আয়োজন করা হতো। এবছর ছিল মেলাটির ৯৬তম আয়োজন।

‎মেলার অনুমতি না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাদের ভাষ্য, চৌদ্দমাদল মেলা মূলত হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় আয়োজন হলেও সময়ের পরিক্রমায় এটি সব ধর্ম ও শ্রেণিপেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। মেলা ঘিরে পুরো হাওরাঞ্চলে কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতো।

‎এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা জানান, সামনে জাতীয় নির্বাচন থাকায় এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার মেলার অনুমোদন দেওয়া হয়নি। মূলত জনসমাগম নিয়ন্ত্রণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বর্তমানে নির্বাচনই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবছর মেলার অনুমতি দেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *