নিজস্ব প্রতিনিধি

অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের বিরুদ্ধে অনলাইন সোশ্যাল মিডিয়ায় চালানো অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অষ্টগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকাল চারটায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব,
অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক,
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকছার মিয়া,
এবং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল হক শহীদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব বলেন,
“গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যার পর থেকে অষ্টগ্রাম উপজেলায় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যেসব মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত। এসব অপপ্রচারের মাধ্যমে আমাদের উপজেলা বিএনপির সভাপতিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ‘বিল মাকসা’ নামক জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেলসহ চারজন গুরুতর আহত হন।
এই ঘটনার পর অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার দায় অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের ওপর চাপানোর অভিযোগ তোলেন। এর জের ধরে উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চলছে, তা বন্ধ না হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
