কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন এডভোকেট ফজলুর রহমান

নাদিরুজ্জামান আজমল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

‎নির্ধারিত সময়ের মধ্যে আজ তিনি অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা’র কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

‎মনোনয়ন দাখিলকালে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎মনোনয়ন জমা শেষে এডভোকেট ফজলুর রহমান বলেন,

‎“হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।”

‎তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

‎অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন করা হবে।

‎উল্লেখ্য, হাওরাঞ্চল অধ্যুষিত কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনে এবারের নির্বাচনে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যু ভোটারদের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

‎এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আশ্রাফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনসহ দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *