নাদিরুজ্জামান আজমল

অষ্টগ্রাম উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তারা। আজ মঙ্গলবার সকালে ইউএনও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে এই শুভেচ্ছা জানান তারা।

সৌজন্য সাক্ষাৎকালে অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়নে ইউডিসির সেবা কার্যক্রম, ডিজিটাল সেবা প্রদানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইউডিসি উদ্যোক্তারা ইউএনওর সঙ্গে মতবিনিময় করেন।
নবাগত ইউএনও সিলভিয়া স্নিগ্ধা উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। তিনি বলেন, “ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সফলতার পেছনে উদ্যোক্তাদের নিষ্ঠা ও পরিশ্রম অনস্বীকার্য। নতুন ইউএনও মহোদয়ের নেতৃত্বে অষ্টগ্রামের সেবা আরও গতিশীল হবে।”
ইউডিসি উদ্যোক্তারা অষ্টগ্রামের জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইউএনওর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উদ্যোক্তারা ইউএনও মহোদয়ের হাতে ফুলের তোড়া তুলে দেন।
