বাজিতপুরে সৈয়দ এহসানুল হুদার কর্মী-সমর্থকদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা

বাজিতপুর প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
‎
‎শনিবার (২২ নভেম্বর) বিকালে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।
‎
‎স্থানীয় সূত্র জানায়, বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা পৃথক বহরে মিছিলে যোগ দিতে সদরের দিকে আসছিলেন। পথে ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড়, সরিষাপুর ও হালিমপুরসহ বিভিন্ন পয়েন্টে মিছিল ও গাড়ি বহরে গুলি ছোড়া হয় এবং পথরোধ করে মারধর করা হয়।


‎
‎সরারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান অভিযোগ করে বলেন, কোর্ট মাঠমুখী মিছিল নিয়ে আসার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। গাজিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়ার অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের অনুসারীরা তাদের মিছিলে হামলা চালিয়েছে।
‎
‎জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপির সমর্থন পেয়ে সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে মিছিল আয়োজন করা হয়। অথচ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা পথে পথে তাদের ওপর হামলা চালায়। তাদের দাবি এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
‎
‎সৈয়দ এহসানুল হুদা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন সন্ত্রাসী কায়দায় মিছিলে গুলি চালিয়েছে এবং বিভিন্ন স্থানে হামলা করেছে।
‎
‎তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি এবং তাদের কর্মীরা হামলায় জড়িত নন।
‎
‎বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *