নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পৈতৃক সম্পত্তি জবরদখলকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের শেখের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ মাহমুদুল হাসান গং ও শেখ মুজিবুর রহমান গং—এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে শেখ মুজিবুর রহমান গং তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে শেখ মাহমুদুল হাসানদের জমিতে জোরপূর্বক বীজ রোপণ করতে গেলে বাধা দেন অপর পক্ষের লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও খুনের মামলার আসামি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার অনুসারীরা দেশীয় অস্ত্র—দা, লাঠি ও রড নিয়ে শেখ মাহমুদুল হাসান গংয়ের ওপর হামলা চালায়। এতে শেখ মাহমুদুল হাসান গংয়ের চারজন এবং শেখ মুজিবুর রহমান গংয়ের দুইজন আহত হন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় শেখ মাহমুদুল হাসান বাদী হয়ে শেখ মুজিবুর রহমানসহ আটজনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অষ্টগ্রাম থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।”
