পাকুন্দিয়ায় বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী উসমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

‎বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত উসমান ওই গ্রামের এমদাদুল হকের ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

‎নিহত শিশুর চাচা এনামুল হক জানান, বুধবার দুপুরে মাদরাসা ছুটি হলে উসমান বাড়িতে এসে গোসল করতে বাথরুমে যায়। এ সময় বিদ্যুতের খোলা তারে হাত লাগলে সে গুরুতরভাবে আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

‎পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ নিহতের বাড়ি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *