অষ্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি, প্রতীমা বিসর্জনে ভক্ত-অনুরাগীদের ঢল

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

প্রতিমা বিসর্জ্জন দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা।

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রামে পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো শারদীয় দুর্গোৎসবের। উপজেলার মোট ৪২টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা পাঁচ দিনব্যাপী নানা আয়োজনে দুর্গা পূজা উদযাপন শেষে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দেন।

প্রতিমা বিসর্জন উপলক্ষে ভক্ত-অনুরাগী, পূজারী, মণ্ডপ কমিটি, স্থানীয় জনসাধারণসহ হাজারো মানুষের ঢল নামে অষ্টগ্রামের বিভিন্ন ঘাট ও নদীপাড়ে। ঢাক-ঢোলের বাদ্য আর উল্লাসে ভাসতে ভাসতে মা দুর্গাকে বিদায় জানান তারা।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এ বছর শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ-র‌্যাব ও আনসার সদস্যদের সার্বক্ষণিক টহলের কারণে ভক্তরা নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পেরেছেন।

‎স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, “মা দুর্গার আগমনে আমরা যেমন আনন্দে মেতেছিলাম, তেমনি বিদায়ে বেদনা ছুঁয়ে যায়। তবে আগামী বছর আবারও নতুন করে মা আসবেন—এই আশাতেই আমরা উদ্দীপ্ত।”

‎প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অষ্টগ্রাম সদরের  ধলেশ্বরী নদী ও অন্যান্য জলাশয়ে উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *