বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

নিজস্ব প্রতিনিধি।

‎বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রামে পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে অষ্টগ্রাম জিরো পয়েন্ট ও অল ওয়েদার রোড এলাকায় অনুষ্ঠিত হয় “সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান।”
‎কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। বিশেষভাবে বিডি ক্লিন অষ্টগ্রাম শাখা সক্রিয় ভূমিকা রাখে, যারা প্লাস্টিক অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রশংসনীয় অবদান রাখে।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ। তিনি প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
‎বিডি ক্লিন অষ্টগ্রাম শাখার সমন্বয়ক রিয়াজুল ইসলাম সৌরভ বলেন, “অষ্টগ্রামের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হাওরাঞ্চলকে প্লাস্টিকমুক্ত রাখতে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে।”
‎অন্যদিকে, সহকারী সমন্বয়ক কেফায়েত ইসলাম আকাশ বলেন, “পর্যটন এলাকাকে প্লাস্টিকমুক্ত রাখার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেই আমরা পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ে তুলতে চাই।”
‎অংশগ্রহণকারীরা মনে করেন, পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যাওয়া উচিত।
‎উল্লেখ্য, প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবারের দিবসকে সামনে রেখে অষ্টগ্রামে গৃহীত এ উদ্যোগ স্থানীয় পর্যটন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *