মোঃ নাদিরুজ্জামান আজমল।

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ সাধারণ মানুষের মতো সরকারি হাসপাতালের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা গ্রহণ করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এ সময় তিনি প্রচলিত নিয়মের বাইরে কোনো প্রটোকল বা বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ রোগীদের মতোই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের অপেক্ষা করেন।
ঘটনাটি উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বিস্ময় প্রকাশ করেন, আবার অনেকেই কর্মকর্তার এ আচরণকে সাধুবাদ জানান।
স্থানীয়রা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা যখন জনগণের মতো একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেন, তখন তা মানুষের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার প্রতিফলন ঘটায়। এতে বোঝা যায়, তিনি সাধারণ মানুষের দুঃখ-ভোগ সরাসরি অনুভব করতে চান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, কর্মকর্তার এ উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণাদায়ক। এতে সরকারি সেবা নিয়ে মানুষের আস্থা আরও বাড়বে এবং হয়রানির মাত্রা কমে আসবে।
অষ্টগ্রামের নতুন এ ভূমি কর্মকর্তার মানবিক আচরণ ইতোমধ্যেই এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, “যদি সব সরকারি কর্মকর্তা এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তবে সরকারি সেবার মান আরও উন্নত হবে।”
