

মোঃ নাদিরুজ্জামান (আজমল)
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে বুধবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি সরকারি অফিসে তালা ঝুলছে। অনেক অফিস প্রধান কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ দপ্তরে অনুপস্থিত। এতে করে দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ জনগণ।

উপজেলা কৃষি অফিস, সমাজসেবা অফিস, উপজেলা মৎস কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারের কার্যালয়, তথ্য আপা, খাদ্য নিয়ন্ত্রক অফিসারের কার্যালয়, প্রাথমিক শিক্ষা অফিস, ইসলামিক ফাউন্ডেশন, বিআরডিবি সহ একাধিক দপ্তরে দেখা গেছে অফিস কক্ষে কর্মকর্তারা নেই, কোনো জায়গায় আবার পুরো অফিসই তালাবদ্ধ।

সমাজসেবা অফিসে সেবা নিতে আসা এক বৃদ্ধা জানান, “আমি সকাল ৯টায় এসেছি সমাজসেবা অফিসে। কিন্তু এসে দেখি দরজায় তালা ঝুলছে। এই নিয়া দ্বিতীয়বার আসলাম। আমার মত অসহায় মানুষের জন্য এই অফিস, কিন্তু তারাই যদি তালা লাগায় রাখে, আমরা কোথায় যাব?”

স্থানীয়রা অভিযোগ করেছেন, সপ্তাহের মাঝামাঝি দিনেও যদি অফিসে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত উপস্থিত না থাকেন, তাহলে নাগরিক সেবা কীভাবে নিশ্চিত হবে? অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি অফিস যেন এখন নিয়মিত তালাবদ্ধ থাকে, এটা খুবই দুঃখজনক। সাধারণ মানুষ দিনের পর দিন ঘুরেও প্রয়োজনীয় সেবা পাচ্ছে না।”

সেবাপ্রার্থী এক কৃষক আবদুল মালেক বলেন, “আমি সার ও বীজ সংক্রান্ত কাগজপত্রের জন্য কৃষি অফিসে এসেছি। সকাল ১০টার পরও অফিসে তালা ঝুলছে। বারবার আসা আমাদের জন্য কষ্টকর।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “কিছু কর্মকর্তার বাইরে প্রশিক্ষণ বা ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকতে পারেন। তবে নিয়মিত অনুপস্থিতি হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেয়া উচিত।”

স্থানীয় সচেতনমহল বলছে, অষ্টগ্রামের অফিসগুলোতে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত মনিটরিং ও তদারকি জরুরি। অন্যথায় সাধারণ জনগণের ভোগান্তি বাড়তেই থাকবে এবং সরকারের সেবাদান কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি প্রত্যাশা করছেন অষ্টগ্রামের সচেতন নাগরিকরা।