এটিভি অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম-০৫।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী হাওরাঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন টিমের সদস্যরা। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মণ্ডপে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য পূজা উদযাপন কমিটিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদের আহ্বায়কত্বে গঠিত বিশেষ ভিজিল্যান্স টিমে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ আব্দুল আলীম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোস্তাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অলিউল ইসলাম এবং জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক।

পরিদর্শন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন অষ্টগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মজনু মিয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা তৌহিদ মিয়া এবং সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন।
এ সময় স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।হাওরাঞ্চলের তিন উপজেলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা তদারকির এ উদ্যোগকে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
